ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু, স্পিকার পদে ব্যতিক্রমী প্রক্রিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১১টায়। বিদায়ী দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর কারাবন্দি অবস্থার কারণে ব্যতিক্রমী প্রেক্ষাপটে স্পিকারের চেয়ার খালি রেখেই কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার জন্য বিএনপির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করেন। দলের আরেকজন সংসদ সদস্য সমর্থন করার পর ওই জ্যেষ্ঠ সদস্য বৈঠকে সভাপতিত্ব করেন।
সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপি সূত্রে জানা গেছে, দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করতে পারেন। বিকল্প হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে। সভাপতির আসন গ্রহণের পর নির্বাচন করা হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। তবে, গতকাল বুধবার সংসদ ভবনে সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হলেও নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানানো হয়নি। বৈঠকে দলের এমপিরা স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছেন।
রাষ্ট্রপতির ভাষণ ও বিরোধীদলের বয়কট
সংবিধান অনুযায়ী আজ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভায় অনুমোদিত ভাষণই সংসদে পাঠ করবেন রাষ্ট্রপতি। জানা গেছে, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধীদল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করতে পারেন। ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতির নাম ঘোষণার সঙ্গেসঙ্গেই তারা সংসদ থেকে ওয়াকআউট করতে পারেন। ভাষণ শেষে আবারও সংসদে ফিরতে পারেন বলে বিরোধীদলের একাধিক এমপির সঙ্গে কথা বলে আভাস মিলেছে। এছাড়া জুলাই সনদ ইস্যুতেও এবার প্রথমদিন থেকেই অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবিধানিক বাধ্যবাধকতা ও সময়সীমা
সংবিধানের ৭২ (২) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় গত ১৪ ফেব্রুয়ারি। সেই হিসাবে আগামী ১৬ মার্চের মধ্যেই নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। রাষ্ট্রপতির আহ্বানে এর চারদিন আগেই আজ সংসদ শুরু হচ্ছে। সর্বশেষ সংসদ বসেছিল ২০২৪ সালের ৩ জুলাই, সাড়ে ১৯ মাস পর বসছে সংসদ।
জুলাই আন্দোলনের রিক্সাচালক অতিথি
আজ অধিবেশন চলাকালে সংসদ গ্যালারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিক্সাচালক। গুলিবিদ্ধ নাফিজ রিক্সায় লম্বালম্বি শুয়ে আছেন, রিক্সাচালক তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন- এই ছবিটি জুলাই আন্দোলনের হাজারো ছবির মধ্যে অন্যতম, যা বহু মানুষের মনে দাগ কেটেছে। এছাড়াও জুলাই আন্দোলনে শহিদ আরো চারটি পরিবারের সদস্যরাও আজ আমন্ত্রিত অতিথি হিসেবে গ্যালারিতে বসে সংসদ কার্যকম দেখবেন।
বিএনপির সংসদীয় দলের বৈঠক
অধিবেশন শুরুর আগে গতকাল সংসদ ভবনে সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়েছে। সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির সংসদীয় দলের প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় বেলা ১টায়। সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন। সভায় বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি।” প্রধানমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে।
জুলাই সনদ বাস্তবায়ন
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, “সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।” এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে, সরকার ততটুকুই বাস্তবায়ন করবে। সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা আছেন। বিশেষ করে তরুণদের সকাল নয়টার মধ্যে অফিসে যেতে হবে।
মন্ত্রী-এমপিদের জন্য পরামর্শ
সংসদীয় দলের বৈঠকে মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, সেটির বাইরে যেন কেউ গণমাধ্যমে কোনো মন্তব্য না করেন- এবিষয়ে তিনি সবাইকে নির্দেশনা দেন।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন
বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ত্রয়োদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কারা হচ্ছেন তা আগামীকাল (আজ বৃহস্পতিবার) আমরা জানতে পারব।”
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আজ সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য আজকের বৈঠকে একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন। সংবাদ সম্মেলনে সরকারি দলের ছয় হুইপও উপস্থিত ছিলেন।
স্পিকার পদে সম্ভাব্য প্রার্থী
বিএনপির একাধিক সূত্রে কথা বলে জানা গেছে, দলের নেতা আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ড. আবদুল মঈন খান ও ড. ওসমান ফারুকের নাম স্পিকার পদে আলোচনায় রয়েছে। আর ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন জয়নুল আবদিন ফারুক, বরকত উল্যাহ বুলু ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিরোধীদলের অবস্থান
অধিবেশনের আগে গতকাল সংসদ ভবনে বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক করেছে প্রধান বিরোধী দল জামায়াত। সংসদ ভবনে বিরোধীদলের সভাকক্ষে সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জনসহ সংসদে বিরোধী দলের সদস্যরা। পরে সংসদ ভবনের এলডি হলে সংবাদ ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি
বিএনপির প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নেবে কি-না, এরক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খ্লিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক।” তিনি আরো বলেন, সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা চাই, জুলাই সনদের সংস্কারের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়ন হোক।
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক
জামায়াতের এমপিদের বৈঠক শেষে সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, তারা মনে করেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, তা তাদের কাছে বোধগম্য নয়। এবিষয়ে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেটা আজ জানা যাবে।
কার্যউপদেষ্টা কমিটি গঠন
বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি, তার সব কিছুই ধারণ করবো। শহিদদের আকাঙ্ক্ষা পূরণ ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো। তিনি বলেন, রাষ্ট্রপতি সংসদীয় বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর অধিবেশন বসবে, সেই অধিবেশনে প্রথমে সভাপতিমন্ডলির প্যানেল ঘোষণা করা হবে। এরপর শোক প্রস্তাব আসবে এবং শোক প্রস্তাবের উপর আলোচনা হবে। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিবেশন চলাকালীন সংসদে আইনমন্ত্রী উপস্থাপন করবেন। কার্যউপদেষ্টা কমিটিসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হবে। কার্যউপদেষ্টা কমিটির বৈঠক পরদিন অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ এবং আরো একদিন অধিবেশন চলার পর বিরতি হতে পারে।
