সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা: সড়কমন্ত্রী
সমঝোতার টাকা চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা: সড়কমন্ত্রী

সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা: সড়কমন্ত্রী

সড়ক পরিবহণ ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহণ থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়। বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটাই চাঁদা হিসেবে গণ্য হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। মন্ত্রী দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসানও উপস্থিত ছিলেন।

চাঁদাবাজি সংক্রান্ত স্পষ্ট অবস্থান

সড়কে চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, "সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক ও শ্রমিক সমিতি আছে। তারা তাদের কল্যাণে এই টাকা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। তবে চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেই টাকা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।"

তিনি আরও ব্যাখ্যা করেন, মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে উত্তোলন করা টাকার কতটুকু ব্যবহার করা হয়, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করেন।

মন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো জায়গায় বাইরে থেকে কেউ চাপ দিয়ে চাঁদা বা সুবিধা নেবে; সে সুযোগ নেই। তবে মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে সেটা করে, সেখানে কেউ বঞ্চিত কিংবা অর্থের অপব্যবহার হচ্ছে কি না সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলে দেখা হবে।

ঈদের ছুটিতে যান ব্যবস্থাপনা

ঈদের ছুটিতে সড়কে যান ব্যবস্থাপনার বিষয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গত ঈদে ছুটির দিন বেশি ছিল। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ওই প্রক্রিয়াটা অনুসরণ করবো। পাশাপাশি নতুন করে আর কী প্রক্রিয়া গ্রহণ করলে ভোগান্তি কমবে, সেটা ঠিক করা হবে। তবে অতিরিক্ত কিছু পদক্ষেপ যুক্ত করার বিষয়ে তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ

সড়কে শৃঙ্খলা রক্ষায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রবিউল আলম বলেন, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল ও যানজট সৃষ্টির বিষয়টি নিয়ন্ত্রণে আনা হবে। তিনি বলেন, অটোরিকশা পুরোপুরি বন্ধ করা সম্ভব কি না, নাকি নিয়ন্ত্রণের মধ্যে এনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে-সে বিষয়ে সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত কর্মপরিকল্পনা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসড়কে বাজার বসা, অনিয়ন্ত্রিত পার্কিং ও ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট বাড়ছে। স্ট্রিট পার্কিংয়ের নামে গুরুত্বপূর্ণ সড়ক ইজারা দেওয়ার বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

বিভিন্ন প্রকল্পের অগ্রগতি

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেট্রোরেলের কাজ পুনরায় শুরু হয়েছে এবং দ্রুতগতিতে এগোবে। বিআরটি প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পটি রাষ্ট্রবান্ধব হয়নি-এমন প্রাথমিক ধারণা রয়েছে। তবে বিপুল অর্থ ব্যয় ও ঋণসংক্রান্ত জটিলতা বিবেচনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিষয়টি পর্যালোচনায় রয়েছে।

পদ্মা সেতুর টোল আদায়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়মিত টোল আদায় হচ্ছে এবং সেতুর কিস্তিও পরিশোধ করা হয়েছে। এ বিষয়ে কোনো বকেয়া নেই বলে দাবি করেন তিনি।

রেল খাতের উন্নয়ন

রেল খাতে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক জায়গায় রেললাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা যায়নি। কোথাও ইঞ্জিন এসেছে, কিন্তু বগি নেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী রেল খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরি করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রাসময় কমানো, প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীসেবার মান উন্নয়ন এবং ঈদকেন্দ্রিক অতিরিক্ত টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়েও নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিবেচনায় ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

সেতু ভবন পরিদর্শন

প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ ও নৌ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার বনানীস্থ সেতু ভবন এবং সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে ও প্রজ্ঞা নিয়ে করে যেতে হবে। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া বর্তমান সরকার গণমানুষের সরকার, এজন্য প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, সবার উপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে সড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।