নতুন মন্ত্রিসভায় ৪০ জন নতুন মুখ, আলোচনায় থেকেও বাদ পড়েছেন জ্যেষ্ঠ নেতারা
নতুন মন্ত্রিসভায় ৪০ জন নতুন মুখ, বাদ পড়েছেন জ্যেষ্ঠ নেতা

নতুন মন্ত্রিসভায় ৪০ জন নতুন মুখ, আলোচনায় থেকেও বাদ পড়েছেন জ্যেষ্ঠ নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো নির্বাচিত অনেক সংসদ সদস্য জায়গা পেয়েছেন, যেখানে মোট সদস্যদের মধ্যে ৪০ জনই নতুন মুখ।

জ্যেষ্ঠ নেতাদের বাদ পড়ার ঘটনা

তবে দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত একাধিক জ্যেষ্ঠ নেতা আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে একই রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি গেজেট প্রকাশ করে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের আস্থাভাজন হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাদ পড়া নেতাদের তালিকা

মন্ত্রিসভা গঠনের আগে বিভিন্ন পর্যায়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত স্থান পাননি—খন্দকার মোশারফ হোসেন, আব্দুল মইন খান, মির্জা আব্বাস, ফজলুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, রেজা কিবরিয়া, আন্দালিব রহমান পার্থ, খায়রুল কবির খোকন ও মাহবুব উদ্দিন খোকন।

টেকনোক্র্যাট কোটায় নিয়োগ

নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায়ও কয়েকজনকে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া খলিলুর রহমান এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আমিন উর রশিদ। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক।

নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশের পর বাদ পড়া নেতাদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি দলীয় পুনর্গঠন ও নতুন নেতৃত্ব তুলে আনার কৌশলের অংশ।

মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পেয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, মো. আমিন উর রশিদ কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

অন্যান্য মন্ত্রীদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মোকতাদির বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীদের তালিকা

প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মো. শরিফুল আলম বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্যামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ মন্ত্রণালয়, আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর হেলাল উদ্দীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহণ মন্ত্রণালয়, মো. আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, মো. নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আহম্মদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।