ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি বয়সী এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যদিকে, সবচেয়ে বেশি বয়সী এমপি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
খন্দকার মোশাররফ হোসেন: সর্বোচ্চ বয়সী এমপি
হলফনামা অনুযায়ী, খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার মোশাররফ। সে সময় তিনি ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।
হান্নান মাসউদ: সর্বনিম্ন বয়সী এমপি
এদিকে, নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে জয়ী হয়েছেন হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
নির্বাচনি হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং ১১–দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
এই নির্বাচনে হান্নান মাসউদের জয় তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, খন্দকার মোশাররফ হোসেনের বিজয় অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিফলন ঘটিয়েছে।
