বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২ জুন (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
হামলা বন্ধে হিজবুল্লাহর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প
লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে হিজবুল্লাহর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতের শহরতলি থেকে ইসরায়েলি বাহিনী নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সোমবার তিনি এই দাবি করেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার খুব ভালো আলোচনা হয়েছে। তারা সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে। অর্থাৎ ইসরায়েল তাদের ওপর হামলা করবে না এবং তারাও ইসরায়েলের ওপর হামলা করবে না।
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
ইউক্রেনের রাজধানী কিয়েভ, ডিনিপ্রো ও খারকিভসহ প্রধান প্রধান শহরগুলোতে রাশিয়ার বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মমতার তৃণমূলে ভাঙনের সুর, দল ছাড়তে পারেন ৫০ বিধায়ক
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর দেখা দিয়েছে। দাবি উঠেছে, প্রায় ৫০ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত জাতীয় মুখপাত্র রিজু দত্ত জানিয়েছেন, এই ক্ষুব্ধ বিধায়করা শেষ পর্যন্ত তৃণমূলের বিখ্যাত জোড়াফুল প্রতীক চাইতে পারেন।
নেতানিয়াহুকে কি আসলেই ‘উন্মাদ’ বলেছেন ট্রাম্প
লেবাননে ইসরায়েলের হামলা জোরদার করার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক ফোনালাপে ট্রাম্প বেশ কিছু আপত্তিকর ও গালিগালাজপূর্ণ শব্দ ব্যবহার করে নেতানিয়াহুকে আক্রমণ করেন বলে দুজন মার্কিন কর্মকর্তা এবং ফোনালাপের বিষয়ে অবগত তৃতীয় একটি সূত্র সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে নিশ্চিত করেছে। তবে অপর মার্কিন সংবাদমাধ্যমে এই বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। বিভিন্ন দেশের মিডিয়া অ্যাক্সিওসকে উদ্ধৃত করেই খবরটি প্রকাশ করেছে।
আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ খোলার চুক্তি: ট্রাম্প
আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সবকিছু ভালোই মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে। আজ একটু সমস্যা তৈরি হয়েছিল, তবে আমি তা খুব দ্রুতই সামলে নিয়েছি, যা আপনারা হয়তো আগেই লক্ষ্য করেছেন।’
ইরানে মুদ্রাস্ফীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পর্যায়ে, অর্থনৈতিক সংকট কতটা তীব্র
ইরানে মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে এই পরিস্থিতি সাধারণ ইরানিদের অর্থনৈতিক কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মে মাসেই সতর্ক করে বলেছিলেন, ‘আমাদের নিশ্চিতভাবেই আরও উচ্চ মূল্যের মুখোমুখি হতে হবে। আমরা লড়াই করছি এবং আমাদের অবশ্যই এই কষ্ট মেনে নিতে হবে।’



