উত্তরায় অপহরণ মামলায় গ্রেপ্তার লামিন ইসলাম কারাগারে
উত্তরায় অপহরণ মামলায় গ্রেপ্তার লামিন ইসলাম কারাগারে

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে (১৯) কারাগারে পাঠিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এক দিনের রিমান্ড শেষে আজ লামিন ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামান। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী শহিদুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১ মে গাজীপুরের পুবাইল এলাকা থেকে মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার আদালত লামিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা এলাকায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার নথিপত্র অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী উত্তরার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরার ৬ নম্বর সেক্টরে পৌঁছানোর পর লামিন ইসলাম ও তাঁর সহযোগীরা তাকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ