পটুয়াখালীর বাউফল উপজেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন।
শিক্ষামূলক সফর ও পরিদর্শন
বুধবার (২৯ এপ্রিল) শিক্ষামূলক সফরের অংশ হিসেবে ওই শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন শফিকুল ইসলাম মাসুদ। এর আগে সংসদ ভিজিট শাখা থেকে ওই শিক্ষার্থীদের জন্য পরিদর্শনের অনুমতি নেন তিনি। ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। বেলা ৩টায় গ্যালারিতে বসে সরাসরি অধিবেশন উপভোগ করার সুযোগ হয় এসব শিক্ষার্থীর।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস
সংসদ অধিবেশন পর্যবেক্ষক টিমের সদস্য বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, 'আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাব। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।' একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, 'বইয়ের পাতায়, খবরের কাগজে আর টেলিভিশনের পর্দায় সংসদ ভবন দেখেছি। আর আজকে সরাসরি দেখলাম। আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরাদিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।'
সংসদ সদস্যের বক্তব্য
সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, 'আজকের এই তরুণরাই আগামীদিনে নেতৃত্ব দেবে। ভবিষ্যতে এরাই সংসদে বসে দেশ পরিচালনা করবে। তাদের মধ্য থেকেই তৈরি হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।' তিনি আরও বলেন, 'আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি এই তরুণরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারে, তবে এরাই হবে প্রকৃত সফল মানুষ।' একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত আদর্শ বাউফল গড়তে শিক্ষার্থীদের আজকের সংসদ অধিবেশন পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।



