এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, রাষ্ট্রকাঠামোর ঘুণে ধরা ব্যবস্থা সংস্কার করে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন এনসিপির সদস্যসচিব।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ
জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, তাঁরা এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে গণতন্ত্রের আবহ ও জবাবদিহি থাকবে। তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করায়ত্ত করে রেখেছিল। তখন তাঁরা সবাই মিলে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন। তাঁরা বলেছিলেন, এটি শুধু হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফ্যাসিবাদের যে উপাদানগুলো আছে, সেগুলো পরিবর্তন করা তাঁদের লক্ষ্য। এ জন্য সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসা হয়েছিল। সেই সংস্কারের প্রস্তাবগুলো এখন আঁধারে পড়ে গেছে।
ঐক্যের আহ্বান
সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ এমন আঞ্চলিক অবস্থানে আছে যেখানে দেশ অনেকগুলো বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সে ধরনের চক্রান্ত আশপাশে চলছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের ওপর পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।



