বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে নতুন করে পুনর্গঠন করা হয়েছে। এই পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। অন্যদিকে, পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।
প্রজ্ঞাপন জারি
শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 'দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪' এবং বিমানের 'আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন'র সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এই নতুন পর্ষদ গঠন করা হয়।
১৩ সদস্যের পর্ষদ
নতুন এই পর্ষদে মোট ১৩ জন সদস্য রয়েছেন। তারা হলেন:
- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমিদা আক্তার
- সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান
- বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান
- পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির
- ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম
- ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ
- চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডসের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (পদাধিকার বলে) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।



