রোহিত শেঠি আবারও প্রাণনাশের হুমকি, ২০ কোটি টাকা চাঁদা দাবি
রোহিত শেঠি আবারও প্রাণনাশের হুমকি, ২০ কোটি চাঁদা

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি আবারও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। কয়েক মাস আগে মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর বাড়ির বাইরে গুলির ঘটনার পর এবার তাঁকে ২০ কোটি টাকা চাঁদা দাবি করে একটি অডিও বার্তা পাঠানো হয়েছে। বার্তায় সাফ বলা হয়েছে, পরিচালক যদি তাঁদের দাবি অনুযায়ী অর্থ না দেন, তাহলে এবার সোজা তাঁকে নিশানা করা হবে।

অডিও বার্তায় হুমকি

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৯০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে দাবি করা হয়েছে, রোহিত শেঠি নির্ধারিত অর্থ না দিলে এবার তাঁর বাড়ি নয়, সরাসরি তাঁকেই লক্ষ্য করে হামলা চালানো হবে। বার্তায় আরও বলা হয়, এর আগে তাঁর বাড়িতে যে গুলির ঘটনা ঘটেছিল, সেটি ছিল কেবল একটি সতর্কবার্তা। রোহিত শেঠির কর্মীরা অডিও ক্লিপটি হাতে পাওয়ার পর সেটি সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের কাছে জমা দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তদন্তে পুলিশের প্রাথমিক ধারণা

তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, অডিওতে শোনা কণ্ঠটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং পলাতক অভিযুক্ত শুভম লোনকরের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ সূত্রের দাবি, শুভম লোনকরকে এর আগেও একাধিক আলোচিত মামলায় খোঁজা হচ্ছে। ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে গুলির ঘটনার তদন্তেও তাঁর নাম উঠে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী হামলার ঘটনা

চলতি বছরের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির বাড়ির বাইরে মোটরসাইকেলে এসে এক ব্যক্তি গুলি চালায়। পরে ওই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। তদন্তে দীপক শর্মা নামের এক ব্যক্তিকে ওই হামলার মূল শুটার হিসেবে চিহ্নিত করা হয়। পরে উত্তর প্রদেশের আগ্রা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর এপ্রিলে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ওই হামলার ঘটনায় ১ হাজার ৬২৪ পৃষ্ঠার চার্জশিট আদালতে জমা দেয়। চার্জশিটে ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে প্রবীণ লোনকর ও আরজু বিষ্ণোইকে পলাতক অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা বাড়ানো হয়েছে

নতুন করে পাওয়া এই হুমকির ঘটনায় রোহিত শেঠির নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে এখন নজর রাখছে মুম্বাই পুলিশ।