জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন এই সরকারের মন্ত্রী। শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুঁশিয়ারি ও জুলাই সনদ প্রসঙ্গ
হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এরপরেও বুকে কষ্ট চেপে রেখে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।
গণভোট ও সরকারের প্রতি আহ্বান
গণভোট নিয়ে সরকারের উদ্দেশে জামায়াত সেক্রেটারি বলেন, আপনারা ৫ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। রাজনৈতিক সংকট এবং আবার রক্ত ঝরার দিন থেকে বাঁচাতে হলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোল টেবিল বৈঠকসহ ঢাকায় বিশাল সমাবেশ করা হবে বলে জানান তিনি।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, জেলা নায়েবে আমির আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইনসহ অনেকে। জেলার ৬ উপজেলা ও পৌরসভার ওয়ার্ড সভাপতি দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন।



