সংসদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে হতাশা তৈরি হবে: স্পিকার
সংসদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে হতাশা: স্পিকার

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়শনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জনগণের প্রত্যাশা ও সংসদের দায়িত্ব

স্পিকার বলেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা ব্যাপক। এ সংসদ অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তের ওপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, 'এ সংসদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে।' সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে সংসদের সম্পর্ক থাকতে হবে এবং সাংবাদিকেরা সে প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকতার স্বাধীনতা ও অতীত প্রসঙ্গ

স্পিকার বলেন, বাকশাল আমলে সাংবাদিকতার যে ক্ষতি হয়েছে, তা আর পূরণ হয়নি। ওই ভীতি থেকে গত ২০ বছরেও সাংবাদিকেরা বের হতে পারেননি। তবে বর্তমানে দেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে এবং সংবাদপত্রগুলো লিখতে পারছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আওয়ামী লীগের সমালোচনা

তিনি আরও বলেন, '১৯৭১ সালে অনেক স্বপ্ন নিয়ে এ দেশের জনগণ দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু আমাদের সেই স্বপ্নগুলো ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিগত সময়ে গুম, আয়নাঘর প্রতিষ্ঠা হয়েছিল। অর্থনীতির লুটপাট হয়েছিল। আমরা কোনো দিন এটা কল্পনাও করিনি। কিন্তু এ দেশের জনগণের শক্তি আছে, ছাত্র-তরুণ, তাদের পিতা-মাতা, সাধারণ মানুষ যেদিন রাস্তায় নেমেছিল, সেদিনই আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে।'

দলীয় ভূমিকা ও সংসদের কার্যকারিতা

স্পিকার বলেন, 'মনে রাখতে হবে, সবার উপরে দেশ। দেশের স্বার্থকে এগিয়ে রাখতে হবে। বিরোধী দলের কাজ সরকারের ভুলত্রুটির সমালোচনা করা। তারা সেটা করছে। সরকারি দলের কাজ সংসদকে কার্যকর করে এগিয়ে নেওয়া। সরকারি ও বিরোধী দল মিলেমিশে সংসদকে এগিয়ে নিতে হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিপিজেএ–এর দপ্তর সম্পাদক তানিম আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময়ে অংশ নেয়।