মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৭০ শতাংশ ভোটার বিএনপির দেওয়া জুলাই সনদের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) খারিজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও নিশ্চয়ই হ্যাঁ-তে ভোট দিয়েছেন, যেহেতু তিনি হ্যাঁ ভোট দিতে বলেছেন। আজকে সংসদে দাঁড়িয়ে নিজের ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি অমান্য করবেন? এটা তো অন্তহীন প্রতারণা।’
সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান
সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে ক্ষমতাসীন দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেছেন, ‘সংকট তৈরি করেছে বিএনপি সরকার, সরকারকেই এ সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, এখন আপনাকেই শট দিতে হবে। আপনি যদি সময়মতো শট না নেন, যদি ভুল পাস করেন, তো রং পাস করলে ব্যাক পাস হয়ে বল আপনার ঘরে ঢুকে যেতে পারে।’
আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত দিনব্যাপী জাতীয় কনভেনশনের সমাপনী পর্বে আলোচনায় অংশ নিয়ে মিয়া গোলাম পরওয়ার এ কথাগুলো বলেন। ‘জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশন’ শীর্ষক এই আয়োজনের সমাপনী পর্বে আলোচনার বিষয় ছিল ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’।
গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর অন্তরায়
আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘একটা গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর পথে আজ প্রধান অন্তরায় হয়ে পড়েছেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে যাঁরা ক্ষমতায় বসেছেন তাঁরা। একই দিনে একসঙ্গে গণভোট ও জাতীয় নির্বাচন হলো। সেই গণভোটের পক্ষে এখন যাঁরা ক্ষমতাসীন, তাঁরা বিলম্বে হলেও হ্যাঁ-তে ভোট দিতে বললেন। তাঁরা চার মাস সময় পেয়েছেন জিতে চেয়ারে আসার আগপর্যন্ত। এর মধ্যে এক দিনও বলেননি যে ১৩ নভেম্বরের রাষ্ট্রপতির আদেশ সংবিধানবহির্ভূত বা এটা রাষ্ট্রপতির এখতিয়ারবহির্ভূত। ক্ষমতায় আসার পরে কেন বলা হচ্ছে?’
বিএনপির উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ‘তারা বলছে, বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের ওপর ভূত চেপেছে...। জনগণ বুঝে ফেলেছে, ভূত বিরোধী দলের ওপর চাপেনি, সরকারের ঘাড়েই ভূত চেপেছে। আপনারা জনগণকে কনফিউজড (বিভ্রান্ত) করছেন। সংসদে আপনারা বলছেন, জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব; কিন্তু গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায় অক্ষরে অক্ষরে মানব—এ কথা কখনো বলেননি। ফলে গণভোট আর জুলাই সনদকে পার্থক্য করে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।’
এমপি-মন্ত্রী হয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের পাঁচ কোটি ভোটকে বিএনপি খারিজ করে দিচ্ছে অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, ‘এই অধিকার আপনাদের নেই। কারণ, সংসদ কখনো সার্বভৌম হয় না। জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। ডেলিগেটেড পাওয়ার নিয়ে আপনি সংসদে পাওয়ার এক্সারসাইজ করছেন; আর গণভোটে যেটা হয়েছে, সেটা ডেলিগেটেড পাওয়ার নয়, ভোটাররা ডাইরেক্ট পাওয়ার দিয়ে আপনার নোট অব ডিসেন্টকে খারিজ করে দিয়েছে।’
কনভেনশনে অন্যান্য বক্তা
জাতীয় কনভেনশনের সমাপনী পর্বের আলোচনায় সভাপতিত্ব করেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।



