কর নথি অডিটের নামে প্রতারণা: সতর্ক করল এনবিআর
কর নথি অডিটের নামে প্রতারণা: সতর্ক করল এনবিআর

কর নথি অডিটের কথা বলে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতারক চক্রের কার্যকলাপ

রবিবার (৫ জুলাই) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, এক শ্রেণীর প্রতারক বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটে পড়েছে বলে দাবি করছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এনবিআরের আনুষ্ঠানিক প্রক্রিয়া

এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অর্থ পরিশোধের বৈধ পদ্ধতি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো এখতিয়ার রাখেন না।

করদাতাদের জন্য পরামর্শ

এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে এনবিআর।

একই সঙ্গে এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনবিআরের প্রতিশ্রুতি

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে পড়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।