রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার ভোরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) ও চামিয়া চাকমা (২৯)। ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল শনিবার ভোর সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসায়।
অভিযানের বিবরণ
এ সময় রাঙামাটি থেকে ঢাকাগামী একটি পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আত্মীয়। একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে তাঁরা ইয়াবার কারবার করে আসছিলেন।
আইনি ব্যবস্থা
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।



