২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে হাইকোর্ট এলাকা থেকে সুখরঞ্জন বালী অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার ও ট্রাইব্যুনালে হস্তান্তর
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ ও জড়িত থাকার প্রমাণ
ডিবির অতিরিক্ত কমিশনার জানান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মো. শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর সুখরঞ্জন বালীকে তিনি প্রথমে চড় মারেন। এরপর শার্টের কলার ধরে তাকে ডিবির একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এ ঘটনায় ফজলুর রহমান ও তার টিম সরাসরি জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।



