বাগমারার গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকাকে দেওয়া ঘুসের টাকা ফেরতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের ওমর আলীর ছেলে ভুক্তভোগী নজরুল ইসলাম সোমবার (২৯ জুন) এই অভিযোগটি করেন।
ঘুসের ঘটনা ও অর্থ আদায়
জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা প্রায় তিন বছর পূর্বে স্কুলে অফিস সহায়ক পদে নিয়োগের আশ্বাস দিয়ে নজরুল ইসলামের কাছে ১২ লাখ টাকা ঘুস দাবি করেন। এর মধ্যে নগদ তিন লাখ টাকা তিনি গ্রহণ করেন। ঘুসের বাকি টাকা নিয়োগপত্র প্রদানের পর পরিশোধের কথা থাকলেও আজও তাকে নিয়োগ না দিয়ে ওই টাকা আত্মসাৎ করেন।
হুমকি ও প্রতিবাদ
কয়েক দিন আগে নজরুল ইসলাম ও তার পক্ষের লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকার কাছে ঘুসের টাকা ফেরত চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে তাদের বিরুদ্ধে থানায় জিডি করেন। এ ঘটনার প্রতিবাদে রোববার (২৮ জুন) বিকালে স্কুলসংলগ্ন জিল্লুর মোড়ে এলাকার লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা তিন লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেছেন, “রাজনৈতিক জটিলতার কারণে নিয়োগ না হওয়ায় বিদ্যালয়ের সাবেক সভাপতি কছিমুদ্দিন তার কাছে থেকে ওই টাকা ফেরত নিয়েছেন।”
ইউএনওর প্রতিক্রিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”



