ভুয়া বিলের কাগজ দেখিয়ে সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা এক পুলিশ কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে এই জালিয়াতি করেছেন বলে নিশ্চিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার ও কনস্টেবল সজীব মিয়া। তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত ছিলেন।
টাকা আত্মসাতের পদ্ধতি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখা সূত্র থেকে জানা গেছে, বরখাস্তকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন। সম্প্রতি টাকার হিসাব না মিললে ওই কর্মকর্তার সন্দেহ হয়। এরপর গোপনে টাকা আত্মসাতের সঙ্গে কারা জড়িত তার সন্ধান চালানো হয়। তখন তদন্তে ওই তিন জনের নাম উঠে আসে। এমনকি তারা ওই কর্মকর্তার আইডি ব্যবহার করে এ ধরনের জালিয়াতি চালিয়ে আসছেন বলে তারও প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হলে গত ৭ জুলাই ওই তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দফতর) আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। তারা এক পুলিশ কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে ওসব টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’



