ডিবি পরিচয়ে ৪০ হাজার টাকা আদায়ের চেষ্টা, প্রতারণা ব্যর্থ
ডিবি পরিচয়ে ৪০ হাজার টাকা আদায়ের চেষ্টা ব্যর্থ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করায় প্রতারণার চেষ্টা ব্যর্থ হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কে?

ভুক্তভোগী মিল্টন সরকার ধোবাউড়া উপজেলার গুজিরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ধোবাউড়া বাজারে একটি স্টুডিও পরিচালনা করেন। তাঁর ছেলে সৌরভ সরকার বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪–এর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত।

প্রতারকের কৌশল

মিল্টন সরকার প্রথম আলোকে বলেন, ‘প্রথমে তারা আমার ছেলেদের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চায়। এরপর বলে, আমার বড় ছেলে মাদকসহ ধরা পড়েছে। টাকা না দিলে আদালতে পাঠিয়ে দেওয়া হবে, ছয় মাসের জেল হবে এবং তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কথাগুলো শুনে আমি খুব ভয় পেয়ে যাই। একপর্যায়ে তারা আমার ছেলের সঙ্গে কথা বলানোর কথা বলে কয়েক সেকেন্ডের জন্য একজনের কান্নাজড়িত কণ্ঠ শোনায়। তখন মনে হয়েছিল আমার ছেলে বিপদে পড়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের সতর্কতায় ব্যর্থ প্রতারণা

মিল্টন সরকারের ভাষ্য, তাঁর স্বজনেরা ছেলের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন যে তিনি নিরাপদে আছেন। তাঁরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা চাইতে থাকেন। পরে ডিবিতে কর্মরত তাঁদের একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে টাকা পাঠানোর কথা বললে কলটি কেটে দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে সতর্কবার্তা

সৌরভ সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টা তুলে ধরেন এবং সবাইকে এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনার খবর আমাদের কাছে এসেছে। আমরা প্রতারক চক্রটিকে শনাক্ত করতে কাজ শুরু করেছি। কোনো পরিবার এ ধরনের প্রতারণার ঘটনার মুখোমুখি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিচ্ছি।’