ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে জাল নোটের কারবার ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার। বুধবার (৬ মে) গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নকল মুদ্রা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা
ডিএমপি কমিশনার বলেন, কোরবানির হাটগুলোতে নকল মুদ্রা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি হাটে নকল মুদ্রা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। পাশাপাশি ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে, যাতে জাল নোট তৈরির উৎস আগেই শনাক্ত করে তা বন্ধ করা যায় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা
তিনি বলেন, গরুর হাটকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ বা সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আশা করা যাচ্ছে, কোনো ধরনের সমস্যা হবে না। ট্রাফিক ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গাবতলী এলাকায় হাট ও বাস টার্মিনাল—দুটি কার্যক্রম একসঙ্গে চলায় চাপ তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
শৃঙ্খলা আনতে নির্দিষ্ট পয়েন্ট নির্ধারণ
তিনি আরও জানান, হাটে গরু আনা-নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে নির্দিষ্ট লোডিং ও আনলোডিং পয়েন্ট নির্ধারণ করা হবে। এতে সড়কে গরু ওঠানামা কমে যানজট হ্রাস পাবে। গাবতলী হাটকেন্দ্রিক সার্বিক ব্যবস্থাপনার একটি বিস্তারিত পরিকল্পনা শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।



