সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামের একটি বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার।
গ্রেপ্তারকৃতরা কারা?
শুক্রবার রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়। এ সময় ভোলানাথ মন্ডলকে (৬০) গ্রেপ্তার করা হয়। তিনি কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র মন্ডলের ছেলে। গ্রেপ্তার অন্যান্যরা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২), পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সর্দারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫) ও একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪)।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ মন্ডলের বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলার মাটির নিচে বসানো ছিলো। শুক্রবার এক্সপার্টরা এই পিলার সঠিক কি-না যাচাইয়ের জন্য আসবে বলে মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতর রাখা হয়। তখনই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ১০টায় পিলারসহ তাদের বসতবাড়ি থেকে আটক করা হয়।
প্রতারক চক্রের সদস্য
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে।
পুলিশের বক্তব্য
তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, রাত সাড়ে ১০টায় আমরা খবর পাই কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে। এই খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পিলারসহ চারজনকে আটক করা হয়। একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



