হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল শুনানি শেষ, আদেশ ২১ জুন
হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল শুনানি শেষ

জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

শুনানির বিবরণ

বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যরা।

প্রসিকিউশনের যুক্তি

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, “জটিল রোগে আক্রান্ত দেখিয়ে মানবিক বিবেচনায় হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নিয়েছেন আসামিপক্ষ। তারা এমনভাবে দেখিয়েছেন যে, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তার দুই ভাই মারা গেছেন এবং তিনিও আর বাঁচবেন না। অথচ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী, তার রোগটি এখনও গুরুতর নয়। কিডনিতে কোনও ধরনের সমস্যা নেই। তাই হুমায়ুন কবিরকে দেওয়া জামিন আদেশটি আমরা বাতিল চাই।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসামিপক্ষের বক্তব্য

পরে আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুমের বক্তব্য শুনেন ট্রাইব্যুনাল। শুনানিকালে তিনি জামিন আদেশটি বহাল রাখার প্রার্থনা জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য ২১ জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

পূর্ববর্তী ঘটনাপ্রবাহ

গত ১৮ মে জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম। তবে, প্রসিকিউশনের পক্ষে শুনানির জন্য আজকের দিন ঠিক করা হয়েছিলো। এর আগে, গত ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন। গত ৪ মে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসাধীন অবস্থা

লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২ মার্চ তার জামিন আদেশটি স্থগিত করেন ট্রাইব্যুনাল-২। যদিও চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত।