গাজীপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
গাজীপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে দীর্ঘদিন ধরে নারী ও শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ এবং ইভটিজিংয়ের অভিযোগে মফিজ উদ্দিন (৩৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

আইনি প্রক্রিয়া ও দণ্ডাদেশ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় এই আদেশ দেন। এর আগে বুধবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় স্থানীয়দের হাতে আটক হন মফিজ। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

স্থানীয়দের প্রতিক্রিয়া

স্থানীয় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে স্কুল-কলেজগামী ছাত্রী, মিল-ফ্যাক্টরিতে কর্মরত নারী এবং পথচারী মহিলাদের চলাচলের পথে অবস্থান নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। অভিযোগ রয়েছে, তিনি প্রকাশ্যে নারীদের উত্ত্যক্ত করতেন। তার এমন কর্মকাণ্ডে এলাকায় নারী ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার বিকেলেও একই ধরনের অশালীন আচরণ করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের বক্তব্য

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, নারীদের প্রতি অশ্লীল আচরণ ও ইভটিজিং কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার বিষয় বিবেচনায় আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, স্থানীয় জনগণের সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অভিযুক্তকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।