আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এটিএম বিভাগের কার্টোগ্রাফার মো. আব্দুস সোবহান ও তার স্ত্রী মিসেস সালমার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার পটভূমি
এর আগে, গত ১৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ এই দম্পতির আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, আসামি সালমা এবং তার স্বামী সোবহান পরস্পর যোগসাজশে ৪৬ লাখ ৫০ হাজার ৩৮৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। এছাড়া আয়কর নথিতে ১৯ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।
আইনি পদক্ষেপ
এসব অপরাধে ২০২৩ সালের নভেম্বর মাসে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আয়কর আইন, ২০২৩ এর ৩০৯ ধারার উপধারা (৩)(ক) এর (অ)(আ) অনুযায়ী, আদালতের সুনির্দিষ্ট আদেশ ব্যতীত কোনও ব্যক্তির আয়কর নথি জব্দ করার আইনগত সুযোগ নেই। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নামে পরিচালিত আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন বলে জানায় দুদক।



