ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভ্যাকসিন প্রয়োগের বর্তমান অবস্থা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা ভ্যাকসিন দিচ্ছি না। এই ভ্যাকসিন বিশ্বের কিছু কিছু দেশে ব্যবহৃত হচ্ছে। ব্রাজিল, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ অল্প কয়টা দেশে দিচ্ছে। কিন্তু অল ওভার দা ওয়ার্ল্ড এটা এখনও সার্বজনীন ভ্যাকসিন হয়নি। কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসেবে হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারিনা।”
সাবধানতা ও আন্তর্জাতিক পরামর্শের প্রয়োজনীয়তা
তিনি আরও বলেন, “খোদা নাখাস্তা যদি একটাও অ্যাকসিডেন্ট হয়, তার টোটাল ব্লেইম আমাদের ওপর এসে পড়বে। সবাই বলবে— উইদাউট এক্সামিনেশন আমরা এটা করছি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করবো। ইউনিসেফের সঙ্গেও কথা বলবো। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ গেট পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, ইন দ্যাট কেস আমরা এটাকে কালেক্ট করার চেষ্টা করবো। কিন্তু এট দিজ মোমেন্ট উই আর নট গোইং টু ডু ভ্যাক্সিনেশন। কারণ এটা সার্বজনিন ভ্যাকসিন না, এটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিলাম।”
স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর ভ্যাকসিন প্রয়োগের কোনো পরিকল্পনা নেই। তিনি উল্লেখ করেন, ভ্যাকসিনটি এখনও বিশ্বব্যাপী সার্বজনীন হিসেবে স্বীকৃত নয় এবং এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত তথ্য নেই। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন ও পরামর্শ সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



