সুনামগঞ্জের তাহিরপুরে মাদক ও জুয়া বিরোধী অভিযানে গিয়ে জুয়ারিদের হামলার শিকার হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিরান হোসেন মোল্লাসহ চার পুলিশ সদস্য। হামলায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
বুধবার (১৩ মে) রাতে তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে মাদক ও জুয়া বিরোধী অভিযানে যান। গ্রামের আশরাফুল নামের এক দোকানির কক্ষে জুয়ার আসর থেকে জুয়ার উপকরণ ও নগদ টাকা জব্দ করে কয়েকজনকে গ্রেফতার করেন। গ্রেফতারদের থানায় নিয়ে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে গ্রামের ও দোকানে থাকা ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ হয়ে অভিযানে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
আহত ও গ্রেফতার
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মিরান হোসেন মোল্লা, কনস্টেবল বদরুল হোসেন, মিঠু মিয়া ও ভৈরব দাশ। আহতদের রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রেফতাররা হলেন- উজান তাহিরপুর গ্রামের নুর আমিন, সাকিবুল হাসান, আলমগীর মিয়া, লিটন মিয়া, ওলি হোসেন, আশরাফুল, শাফুল আলম ও ইমরান। এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতার ৭ জন ও পলাতক আব্দুল বারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং গ্রেফতার ৭ জনকে থানায় নিয়ে আসে। সুনামগঞ্জ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম) বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।



