মৃত্যুদণ্ডের রায় ঘোষণা
নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মো. শাহাদাত (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নোয়াখালী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এই রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ বেলা দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের ওই শিশু। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শাহাদাতের তথ্যে ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে মামলাটিতে শাহাদাতকে গ্রেপ্তার দেখানো হয়।
আসামির স্বীকারোক্তি
গ্রেপ্তারের পর শাহাদাত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেন।
রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সেলিম শাহী। তিনি বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। এই রায় বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’
আসামি কারাগারে
রায় দেওয়ার সময় আসামি মো. শাহাদাত আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে নোয়াখালী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিশুটির বাবা। তিনি রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান।



