পূর্বধলায় বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা
পূর্বধলায় বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ জুন) নেত্রকোনা আদালতে উপজেলার হোগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদুল হক আকন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণ

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ মে উপজেলা পরিষদ হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত ডাক (নিলাম) চলাকালে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। এর জেরে একই দিন বিকেলে আগিয়া বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আসামিরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে মারধর করে গুরুতর আহত করেন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।

ক্ষয়ক্ষতি ও আদালতের নির্দেশ

বাদীপক্ষের দাবি, হামলার সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পূর্বধলা থানাকে নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষ জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মামলাটির বিষয়ে এখনো আমরা আনুষ্ঠানিকভাবে কোনো নথিপত্র পাইনি। আদালতের নির্দেশনা বা সংশ্লিষ্ট কাগজপত্র থানায় পৌঁছলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পটভূমি

উল্লেখ্য, গত ২০ মে অস্থায়ী পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ মে পূর্বধলা থানায় জামায়াতের নায়েবে আমির ও এক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. উমর শরীফ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ