বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা বিক্ষোভ

বগুড়ার শেরপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।

পুলিশের বক্তব্য

তবে পুলিশের দাবি, মিছিলের কোনো তথ্য তাদের কাছে নেই। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, 'বিক্ষোভ মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধীদের ধরতে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।'

মিছিলের বিবরণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী মিছিলে অংশ নেন। তারা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী নামক স্থানে মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, 'এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার', 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে'।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সিএনজিচালিত অটোরিকশা যোগে একদল যুবক হঠাৎ ইটালী বাজারে এসে ব্যানার-পেস্টুন বের করে মিছিল শুরু করেন। কিছুক্ষণ মিছিল করে তারা আবারও অটোরিকশাযোগে শেরপুর শহরের দিকে চলে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ