টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের কারণ
চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পরে নেচেগেয়ে ব্যতিক্রমী আনন্দ করে। সালোয়ার কামিজ পরে তার এই নাচানাচির ভিডিও সামাজিক-যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
যোগাযোগ করা যায়নি
এ ব্যাপারে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।



