বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দলটি সবসময় দেশের দরিদ্র-অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান
শুক্রবার (৮ মে) বিকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলার সাতটি উপজেলার ৩৩০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সুন্দর দেশ গঠনে সব শ্রেণির অংশগ্রহণ জরুরি
হুইপ দুলু বলেন, বিএনপি বিশ্বাস করে একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়তে হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। নারী-পুরুষ, ধনী-গরিব সব মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।
নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি
গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নির্যাতিত প্রতিটি নেতাকর্মীর পাশে দাঁড়াবে বিএনপি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তা
নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।



