আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
বিএনপির দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে মোহন শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মাধবপুর গ্রামের মোহন শেখ (৬৫)।

গ্রাম্য সূত্র জানায়, শৈলকূপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তার করা নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে শৈলকূপা উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের বিরোধ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংঘর্ষের কারণ

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মাধবপুর গ্রামে জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হতাহত ও ক্ষয়ক্ষতি

সংঘর্ষে মোহন শেখ নিহত হন। উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের শৈলকূপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আব্বাস নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের বক্তব্য

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে সামাজিক দুই মাতুব্বরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন মারা গেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ