মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শওকতুল ইসলাম শকুর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কে? তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি পাবেন।
বক্তব্যের প্রেক্ষাপট
গত মঙ্গলবার (২ জুন) উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এমপি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আমাদের মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে শঙ্কা হয়- উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা তো এতিম হয়ে যাব। কে আমাদের আশ্রয় দেবে? উনি তো বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা হয়ে গেছেন। উনি যে কর্মতৎপরতা দেখাচ্ছেন, বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পাবেন।’
অনুষ্ঠানের অন্যান্য বক্তা
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু প্রমুখ।
শওকতুল ইসলাম শকুর এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। অনেকে একে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির ইঙ্গিত হিসেবে দেখছেন।



