সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ দলের মিছিল, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রোববার সকালে এসব মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জের ঘটনা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর ওপর সকালে মুখে মাস্ক পরা ৩০-৩৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী হঠাৎ মিছিল বের করেন। তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিল শেষ করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। স্থানীয় লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, ‘লোকমুখে ও ফেসবুক থেকে মিছিলের বিষয়টি আমরা জানতে পেরেছি। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে। সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মো. মুন্নার নেতৃত্বে ১৩-১৪ জন অংশ নেন। মিছিলে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্লোগান দেওয়া হয়।

এ ঘটনায় সরাইল থানার পুলিশ মিছিলে অংশ নেওয়া মো. বিশাল (২০) নামের এক তরুণকে বিকেলে গ্রেপ্তার করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘শেখ মুন্না ঢাকায় থাকেন। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে আজ সকালে মিছিল করে দ্রুত চলে গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও ওই মিছিলে ছিলেন। তিনি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন। শেখ মুন্নাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রতিবাদে ছাত্রদলের মিছিল

এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে সরাইল উপজেলা সদরের ছাত্রদল মিছিল করেছে। রোববার রাত আটটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে মিছিলটি থানায় গিয়ে শেষ হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ