বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত

মিজানুর রহমান সিনহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাজনৈতিক জীবন

মিজানুর রহমান সিনহা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন (টঙ্গিবাড়ী-লৌহজং) থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি ২০২০ সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাঁকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসনে তিনি বিএনপির মনোনয়নও পান। তবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান।

পরিবারের শোক

মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজ শনিবার সকালে বলেন, ‘গতকাল শুক্রবার রাত আটটার দিকে আমরা মিজানুর রহমান সিনহার মৃত্যুর খবর জানতে পারি। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বিএনপি একজন অভিভাবককে হারাল। আজ তাঁর মরদেহ দেশে আনা হতে পারে। মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি লৌহজং উপজেলার ডহুরী এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হতে পারে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন্ম ও কর্মজীবন

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে মিজানুর রহমান সিনহার জন্ম। তিনি দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এক্‌মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজের জন্য এলাকায় তিনি পরিচিত ছিলেন।