বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু রয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বিরোধীদলের প্রতি আচরণ নিয়ে ক্ষোভ
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সময়ে সংসদে বিরোধীদলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি গালি দিতো বিএনপিকে, তারপর জামায়াতে ইসলামীকেও ছাড় দিত না।’
তিনি বলেন, ‘বর্তমানে বিএনপিও সেই আওয়ামী লীগের কথাগুলো জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথা জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? দেশের জনগণ এগুলো খায় না।’
কর্মী সম্মেলনের আয়োজন
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



