চাটখিলে পুকুরে সেচ মোটরের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
চাটখিলে সেচ মোটরের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

নোয়াখালীর চাটখিল পৌরসভায় পুকুরে পানি সেচের মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) ও তাঁর আট বছর বয়সী ছেলেসন্তান রাহুল চন্দ্র ঘোষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির একটি পুকুরে মোটর দিয়ে পানি সেচের কাজ চলছিল। বেলা একটার দিকে অসাবধানতাবশত রাহুল সেচের মোটরের তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে বাঁচাতে মা অঞ্জনা রানী ঘোষ এগিয়ে যান। এরপর তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বিদ্যুতায়িত সন্তানকে বাঁচাতে গিয়ে মা–ছেলে দুজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ