বন্যায় সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
বন্যায় সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, সারা দেশে দুর্যোগ কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্ধার, সুরক্ষা, ত্রাণ ও পুনর্বাসনের কাজ করে যাচ্ছে সরকার। শনিবার (১১ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক মনিটরিং

মাহদী আমিন বলেন, দেশজুড়ে প্রবল বৃষ্টিপাতের ধারাবাহিকতায় বেশ কিছু জায়গায় বন্যা, পাহাড় ধ্বংস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান—এ পাঁচটি জেলায় জনমানুষের অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ বিষয়টি মনিটরিং করছেন এবং তার বিভিন্ন টিমের সদস্যদের মাধ্যমে মনিটরিং করাচ্ছেন। গতকাল পাঁচ জেলার রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের—স্থানীয় প্রশাসনের কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের সবার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আগামীকালও প্রধানমন্ত্রী বাংলাদেশের সব বিভাগীয় কমিশনারদের সঙ্গে আলোচনা করবেন।

সমন্বিত উদ্যোগ ও উদ্ধার তৎপরতা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, উদ্ধার তৎপরতায় স্থানীয় প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের সব অনুষঙ্গ—ইউএনও থেকে শুরু করে ডিসি, এসপি, আইন শৃঙ্খলা বাহিনী, ওসি পর্যন্ত প্রতিটি পর্যায়ের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে গিয়ে সরাসরি মনিটরিং করছেন। স্থানীয় সংসদ সদস্যরা সবাই নিজ নিজ এলাকায় ছুটে গিয়েছেন এবং চট্টগ্রাম বিভাগের প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা তৃণমূলে গিয়ে কাজ করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির সম্পৃক্ততা

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী যেহেতু বিএনপির চেয়ারম্যান, তিনি তার পুরো দলকে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে থেকে ত্রাণ ও উদ্ধার কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করতে। ইতোমধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা স্থানীয়ভাবে সাধারণ জনগণের সঙ্গে কাজ করছেন।

অর্থনৈতিক অনুদান ও ত্রাণ

বন্যাকবলিত এলাকায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। মাহদী আমিন জানান, প্রায় ২ কোটি টাকারও বেশি অর্থ খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চালসহ সব ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সম্পৃক্ততা

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং দেশের বিভিন্ন জেলায় প্রয়োজনমতো সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে।

স্বাস্থ্য ও অবকাঠামো প্রস্তুতি

পানিবাহিত রোগের সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে মেডিকেল টিম মোবিলাইজ করা হয়েছে। দেশজুড়ে সাপের দংশন ও ভ্যাকসিনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পর রাস্তা ও রেলপথ দ্রুত মেরামতের জন্য এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়েসহ বিভিন্ন সরকারি দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত খাদ্যবান্ধব কর্মসূচি শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য চাষ ও গবাদি পশু পালনকারীদের ক্ষতিপূরণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে।

আশ্রয়কেন্দ্র ও যোগাযোগ

এক হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যার প্রত্যেকটিতে খাদ্য, পানি ও স্যানিটেশনকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে, তবে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসন সংযোগ মেরামত ও জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।

পরীক্ষা স্থগিত

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন জানান, চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ হোসেন স্বাধীন, এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।