সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে (১২) অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন হোসেন রবিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন ওই শিক্ষার্থী কোচিং শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রতিবেশী শাহিন হোসেন রবিন তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে মনোয়ারা জুট মিলের ভেতরে শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

অভিযুক্তের পূর্ববর্তী আচরণ

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত রবিন গত প্রায় এক সপ্তাহ ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন শাহিন হোসেন রবিন। তার দাবি, ওই শিক্ষার্থীর সঙ্গে তার বিগত ৭-৮ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেয়। পরবর্তীতে স্থানীয় কিছু ব্যক্তির মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আজ (রোববার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ