অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শীর্ষক এক পোস্টে জামায়াত-শিবির ও রাইট উইং বলয় মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে নির্বাচনি বৈতরণী পার করে ফেলেছে বলে অভিযোগ করেছেন।
মাহফুজ আলমের ফেসবুক পোস্টের বক্তব্য
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসাবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনি বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!’
তিনি আরও লিখেছেন, ‘কিন্তু, গত দুই বছর কীভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেকুলার-মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখল এবং কাদের আশকারায়-‘শরিকানা’য় এসকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামি’- ‘ঐতিহাবাদী’-‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালালো-সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।’
ভবিষ্যতের বিষয়ে সতর্কবার্তা
পোস্টের শেষে মাহফুজ আলম লিখেছেন, ‘আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য Reckoning এর।’
মাহফুজ আলমের এই পোস্টে জামায়াত-শিবির ও রাইট উইং বলয়ের বিরুদ্ধে কঠোর অভিযোগ আনা হয়েছে। তিনি দাবি করেছেন, এই গোষ্ঠীগুলো নির্বাচনের আগে মব সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে।



