অর্থনীতি পুনরুদ্ধারে সংস্কার ও বাস্তবায়নের ওপর জোর দিলেন বিএসআরএমের এমডি
অর্থনীতি পুনরুদ্ধারে সংস্কার ও বাস্তবায়নের ওপর জোর

অর্থনৈতিক পুনরুদ্ধারে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব

বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধির গতি মন্থর অবস্থায় রয়েছে। নতুন অর্থবছরে সবচেয়ে বড় প্রত্যাশা হলো অর্থনৈতিক কর্মকাণ্ড যেন আবার গতিশীল হয়ে ওঠে। সরকার যে বাজেট দিয়েছে, সেটি পরিকল্পনা অনুযায়ী এবং সময়মতো বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন প্রকল্পের অর্থ দ্রুত ব্যয় করা হলে শিল্প, নির্মাণ ও পরিবহনসহ বিভিন্ন খাতে কর্মকাণ্ড বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিতে গতি ফিরে আসবে।

প্রয়োজনীয় অবকাঠামোতে অগ্রাধিকার

আমের আলীহোসাইন বলেন, আমরা চাই, সরকার অপ্রয়োজনীয় প্রকল্পের পরিবর্তে দেশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দিক। বিশেষ করে শিল্পায়ন, যোগাযোগ ও বন্দর–সংশ্লিষ্ট অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্প খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আরও বাড়বে।

বাস্তব ও কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা

সংস্কারের বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা কাগজে–কলমে সংস্কার নয়, বাস্তব ও কার্যকর সংস্কার দেখতে চাই। সংস্কারের লক্ষ্য থাকতে হবে, নাগরিকেরা যাতে দ্রুত সেবা পান এবং ব্যবসায়ীরা সহজে ব্যবসা করতে পারেন, এ জন্য করব্যবস্থা, শুল্ক প্রশাসন, সরকারি সেবা এবং অনুমোদন–প্রক্রিয়ায় কোথায় কী পরিবর্তন প্রয়োজন, তা চিহ্নিত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকারি সেবায় যত বেশি সম্ভব ডিজিটালাইজেশন নিশ্চিত করা প্রয়োজন। এতে সময় ও ব্যয় দুটিই কমবে এবং ব্যবসা পরিচালনা সহজ হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংস্কারের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো

এমন সংস্কার চাই, যার সুফল শুধু উদ্যোক্তারাই পাবেন না, সাধারণ মানুষও উপকৃত হবেন। ব্যবসার খরচ কমলে উৎপাদন ব্যয় কমবে, যা শেষ পর্যন্ত পণ্যের দামেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও এটি গুরুত্বপূর্ণ। কারণ, বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগে এখানকার ব্যবসায়িক পরিবেশ, নীতিগত স্থিতিশীলতা ও ব্যবসা পরিচালনার ব্যয়—এগুলো অন্যান্য দেশের সঙ্গে তুলনা করেন। এর পরেই বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেন। ফলে ব্যবসায়িক পরিবেশ যদি আমরা অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক করতে পারি, তাহলে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পাবে।

গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ

একই সঙ্গে শিল্পায়নের জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই তিনটির যেকোনো একটির সরবরাহ ব্যাহত হলে উৎপাদন ব্যাহত হয় এবং তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে। তাই শিল্প খাতে এসব মৌলিক সেবার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সংস্কার ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

আমের আলীহোসাইন, ব্যবস্থাপনা পরিচালক, বিএসআরএম গ্রুপ।