মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। শুক্রবার বিকালে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার মান নিশ্চিতে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান
প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে প্রশ্ন রাখার কোনো অবকাশ নেই। রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সীমান্ত পরিস্থিতি ও জাতীয় স্বার্থ
বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
যাত্রীসেবায় অভিযোগ কেন্দ্র উদ্বোধন
এর আগে তিনি টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন। এ ব্যাপারে তিনি বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বাস-মিনিবাস সমিতির আহ্বায়ক মো. শফিকুর রহমান খান শফিক, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্য নেতারা।



