নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজি ও হয়রানির একাধিক অভিযোগে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
আটকের বিবরণ
বিকাল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদাবাজি ও হয়রানিসহ ভুক্তভোগীদের সুনির্দিষ্ট একাধিক অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।’
জিজ্ঞাসাবাদ ও হস্তান্তর
তিনি আরও বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।’ অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা তাকে নিয়ে এসেছিলাম। আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
অভিযোগের তালিকা
ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে তারেক আল মেহেদী বলেন, ‘তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। তদন্তের স্বার্থে এগুলো বলা যাচ্ছে না। তার কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। এগুলো যাচাই-বাছাই করছি। তার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন, তাদের কারও নাম বলছি না। আমাদের কাছে তার বিরুদ্ধে অন্তত ছয়টি অভিযোগ এসেছে। এছাড়া ঢাকায় তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আছে। এর মধ্যে চাঁদাবাজি, হয়রানি, নারীঘটিত বিষয় এবং হুমকি উল্লেখযোগ্য।’ তিনি আরও জানান, ‘সজীবের বিরুদ্ধে তারা অভিযোগ করলেও এখনও মামলা করেননি। এ ছাড়া তার বিরুদ্ধে চলমান কোনও মামলা নেই।’



