গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে নাসির মোড়ল
গাজীপুরে ছাত্রলীগের মিছিল, নেতৃত্বে নাসির মোড়ল

গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল এই মিছিলে নেতৃত্ব দেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট থেকে মিছিল শুরু করে নেতাকর্মীরা রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে শেষ করেন। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে স্লোগান ও বক্তব্য

মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল স্লোগান ধরেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ নানা স্লোগান দেওয়া হয়।

পরে সংক্ষিপ্ত পথসভায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আজকে গাজীপুরের মাটিতে আপনারা উপস্থিত হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জয় বাংলার বিজয় আমরা ছিনিয়ে আনবোই আনবো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের প্রতিক্রিয়া

নিষিদ্ধ সংগঠনের মিছিলের বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘মিছিলের বিষয়টি জেনেছি। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ দেখে সবাইকে ধরা হবে।’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তারপরও আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ