সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার আরেক প্রবাসী। নিহত তারেক আহমদ (২৫) কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কর্মস্থলে দায়িত্বপালন শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জেদ্দায় গাড়ি চালানো শিখছিলেন তারেক। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।
প্রবাসী জীবন ও প্রতিক্রিয়া
কানাইঘাটের বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালিক চৌধুরী বলেন, তারেক আহমদ গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে যান। এর আগে গত ২১ জুন কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারেকের পরিবার তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।



