কৃষিমন্ত্রীর আহ্বান: জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করুন
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে গণতন্ত্র ফিরেছে অনেক আন্দোলন ও সংগ্রামের মধ্যদিয়ে। মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ গত ১৭ বছর ধরে সংগ্রাম করেছে। গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে, তাদের উপর মানুষ অতিষ্ঠ ও অসন্তোষ ছিল। তাই জনগণ বিদ্রোহ করে, আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আমাদেরকে মানুষের আস্থা ধরে রাখতে হবে এবং জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে হবে।
কুমিল্লায় বিএনপির অনুষ্ঠানে বক্তব্য
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, "আমি মনেপ্রাণে বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল তাদের কর্ম ও আচরণ দিয়ে মানুষের মন জয় করবে। অতীতের রাজনৈতিক সরকারের নামে যে স্বৈরাচারী সরকার ছিল, তাদেরকে মানুষ ভুলে যাবে। মানুষ বিএনপিকে ভালোবাসবে। আর আমাদের দায়িত্ব জনগণকে ভালোবাসা। এই দেশ আমাদের, এই কুমিল্লা আমাদের, এই কুমিল্লাকে সুন্দর করা এই দেশকে সুন্দর করা আপনার-আমার প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।"
নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের মনে রাখতে হবে জনগণ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে। আমরা যেন জনগণের সে ভোটের মূল্যায়ন করি। প্রধানমন্ত্রী ভালোবেসে আমাকে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আমি যেন ঈমানের সহিত সে দায়িত্ব পালন করতে পারি।"
এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও জোর দেন গণতন্ত্রের মূল্য এবং জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর।



