মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ কুলাউড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, তারেক রহমান পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এবং শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তিনি তা পাবেন।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য
গত মঙ্গলবার (২ জুন) উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এমপি বলেন, ‘আমার প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আমাদের মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে শঙ্কা হয়—উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা তো এতিম হয়ে যাব। কে আমাদের আশ্রয় দেবে? উনি তো বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা হয়ে গেছেন। উনি যে কর্মতৎপরতা দেখাচ্ছেন, বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পাবেন।’
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু প্রমুখ।
এমপি শকুর এই মন্তব্যকে ঘিরে কুলাউড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে উন্নয়ন হচ্ছে বলে দাবি করেন তার সমর্থকরা।



