প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে তার যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শপথ গ্রহণের ৮৫তম দিনে এই কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার (১১ মে) দুপুরে এই বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে আগামীকাল মঙ্গলবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। সেজন্যই ছাত্রদল নেতারা পিজি হাসপাতালের সম্মুখে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ডিভাইডার দিয়ে এই ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করেছে। তিনি আরও বলেন, ছাত্রদল যে মেধাবীদের সংগঠন, তা এই কর্মসূচির মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হলো।
আউয়ালের বক্তব্য
এ সময় ডা. আউয়াল আরও বলেন, ছাত্রদল বৃক্ষরোপণ করে, আর জামায়াত-শিবির সংসদ ও অনলাইনে বট বাহিনীর মাধ্যমে বিষবৃক্ষ রোপণ করে। জাতীয় সংসদ নির্বাচনে হেরে তারা পাগলের প্রলাপ বকছে। তাদের এখন ঘুম হয় না। এজন্য তাদের অনুরোধ করব আমাদের আজকে লাগানো ঔষধি বৃক্ষের মধ্যে কিছু বৃক্ষ আছে ঘুমের জন্য উপকারী। এই উপকারী বৃক্ষগুলো আমরা লাগিয়ে দিয়ে যাব। আমাদের বলার প্রয়োজন নেই; তারা গুপ্তভাবে হলেও এই বৃক্ষগুলোর পাতা বা বাকল নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। তাতে তাদের ঘুমের উপকার হবে এবং প্রলাপ কম বকবেন।
উপস্থিত নেতৃবৃন্দ
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (শসোমেক) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ড্যাব নেতা ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. মাহবুব, ডা. প্রিন্স, যশোর মেডিকেল ছাত্রদলের সাবেক সিনিয়ার সহসভাপতি ডা. মোর্শেদা আক্তার ঝর্না, ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মুস্তাকীম কবীর, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি ডা. সাব্বির আহমেদ, ডা. সাব্বির শরীফ, দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন মাহি, পূর্ব ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সুষ্মিতা মল্লিকা, ন্যাব যুগ্ম সাধারণ সম্পাদক সাবিবর মাহমুদ তিহান, প্যাব সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাসান, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা. ফাইরুজ ফানান্না, সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান মুন্না, সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান লাভলু, ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, মোবাশ্বির ওয়ালীদ নিলয়, সাগর আহম্মেদ নিয়াজ, মো. রুবেল আহম্মেদ, সোহাগ আহম্মেদ ও আফরিন ইভা প্রমুখ।



