নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামসংলগ্ন ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মেছের আলীর ছেলে মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই এলাকার গোলাম আজমের ছেলে আসাদুজ্জামান নয়ন (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে চৌড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আরোহীদের কাছ থেকে দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে- তারা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য নিয়ে নিয়ামতপুরে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



