প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিশ্বখাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন অবহেলিত এই খালটি খননের মাধ্যমে নতুন রূপে ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
বিশ্বখালের গুরুত্ব ও প্রকল্প পরিকল্পনা
জানা যায়, ডাকাতিয়া নদীর পাড় থেকে ঘোসেরহাট হয়ে মতলব দক্ষিণের উপাধি দক্ষিণ ইউনিয়ন অতিক্রম করে মেঘনা-ধনাগোদা নদীতে মিলিত হয়েছে এই খালটি। এটি প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এবং সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। খালটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, নৌ-চলাচল সহজীকরণ এবং এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খনন পদ্ধতি ও ব্যয়
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, খালটি মেশিনের মাধ্যমে খনন করা হবে। ব্যাড লেভেল থেকে এক মিটার নিচ পর্যন্ত খননের পরিকল্পনা রয়েছে। খননকৃত মাটি দিয়ে খালের দুই পাড় উঁচু করে রাস্তা নির্মাণ করা হবে। পাশাপাশি খালের দুই তীরে ২০ ফুট পরপর ফলজ ও বনজ গাছ রোপণ করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকারও বেশি।
প্রস্তুতি ও উদ্বোধন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম জানান, বিশ্বখাল খননের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই মেশিন ও শ্রমিকের মাধ্যমে মাটি কাটার কাজ শুরু হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বক্ষণিকভাবে প্রকল্পটির তদারকি করছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রতিক্রিয়া
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, বিশ্বখাল পুনঃখনন হলে শাহমাহমুদপুর ও আশপাশের এলাকার কৃষি, যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এটি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



